প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিসিবির ক্যাপ্টেনস কার্ড চালু করলেন তামিম ইকবাল
খেলা ডেস্ক ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালের উদ্যোগে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা হলো। ক্রিকেট অঙ্গনের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিসিবি চালু করেছে বিশেষ ক্যাপ্টেনস কার্ড। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক জমকালো আয়োজনে এই কার্ড বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ক্রিকেট কিংবদন্তিদের এক মঞ্চে নিয়ে আসা হয়।অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল কার্ডের বিশেষ সুবিধাগুলো তুলে ধরেন। তিনি বলেন, আজ থেকে এই কার্ডটিই আপনাদের আজীবন পরিচয়পত্র। বাংলাদেশের যেকোনো ক্রিকেট ম্যাচ—হোক তা আইসিসি, এসিসি ইভেন্ট, ঘরের মাঠের সিরিজ কিংবা বিপিএল—এই কার্ডটি প্রদর্শন করলেই আপনারা সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। কোনো অধিনায়ককে আর টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে না।এছাড়া এই কার্ডের মাধ্যমে থাকছে স্টেডিয়ামে বিশেষ পার্কিং সুবিধা, ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং অবসরের পর আজীবন স্বাস্থ্য বিমাসহ বিসিবির মেডিকেল সুবিধা।এই মিলনমেলায় রাকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু থেকে শুরু করে বর্তমান সময়ের নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীরা উপস্থিত ছিলেন। তবে নানা কারণে অনুপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ।অনুষ্ঠানে তামিম জানান, তিনি সবার সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমিনুল ইসলাম বুলবুলের প্রসঙ্গ টেনে তামিম কিছুটা আক্ষেপের সুরে বলেন, বুলবুল ভাইকে কল করেছি, মেসেজ দিয়েছি। পরে বুঝলাম আমিও ব্লকড! যদিও আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে হোয়টসঅ্যাপ বার্তায় এই দাবিকে সত্য নয় বলে উড়িয়ে দিয়েছেন।সবাইকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে তামিম বলেন, যারা আসতে পারেননি, তাদের কার্ড বিসিবিতে প্রস্তুত আছে। আপনারা যখনই দেশে থাকবেন, কার্ডগুলো গ্রহণ করবেন। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অনস্বীকার্য। আমি এখানে কোনো রাজনীতি বা সাম্প্রতিক বোর্ডের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই না। আমরা সবাই ক্রিকেটার এবং প্রত্যেককে সম্মান করি—এটাই আমার মূল বার্তা।ক্রিকেটারদের যথাযথ সম্মান প্রদানের এই উদ্যোগকে ক্রিকেটপ্রেমীরা স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, এমন পদক্ষেপ দীর্ঘদিনের উপেক্ষিত অনেক কিংবদন্তিকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো