প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
১০ বছর পর ফের একক নাটকে জুটি বাঁধলেন তৌসিফ-স্পর্শিয়া
বিনোদন ডেস্ক ||
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে একঝাঁক নাটকে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছিলেন তাঁরা। পর্দার বাইরেও তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা অনেকেরই জানা। কিন্তু সময়ের স্রোতে ২০১৬ সালের পর থেকে তাঁদের একসঙ্গে আর নতুন কোনো একক নাটকে দেখা যায়নি। দীর্ঘ ১০ বছরের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও একক নাটকের জুটি হয়ে ফিরছেন এই দুই তারকা।নির্মাতা হাসিব হোসেন রাখির পরিচালনায় কোরবানির ঈদের বিশেষ নাটকটির শুটিং বর্তমানে চলছে। একটি চমৎকার প্রেমের গল্প নিয়ে নাটকটির চিত্রনাট্য তৈরি হয়েছে। তবে এখনো নাটকের নাম চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, আমরা একসঙ্গে অভিনয় করতে শিখেই বড় হয়েছি। মাঝে আমি অনেকদিন নাটকে ছিলাম না, তাই আমাদের আর কাজ করা হয়নি। ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ দিয়ে আমরা গত বছর আবার ধারাবাহিকে কাজ করেছি। আর এখন ১০ বছর পর একক নাটকে কাজ করছি, যা আমার কাছে সত্যিই খুব স্পেশাল। সহশিল্পী হিসেবে আমাদের বোঝাপড়া আগের মতোই দারুণ আছে, তবে সময়ের সাথে আমরা এখন আরও বেশি প্রফেশনাল।তৌসিফ মাহবুব বলেন, স্পর্শিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই খুব ভালো। ক্যামেরার পেছনে আমরা যেমন ভালো বন্ধু, ক্যামেরার সামনেও আমাদের রসায়নটা বেশ জমে ওঠে। ১০ বছর পর আবার একসঙ্গে কাজ করছি, তাই খুব ভালো লাগছে।উল্লেখ্য, গত বছরের শেষদিকে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা গেলেও, একক নাটকে তাঁদের রসায়ন দেখার জন্য ভক্তরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। নতুন এই নাটকটি কোরবানির ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো