প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
মাঠের লড়াই শেষ, এবার বিদায়ী সম্মাননায় সিক্ত হচ্ছেন পেসার রুবেল
খেলা ডেস্ক ||
বাংলাদেশের ক্রিকেটে অন্যতম এক লড়াকু নাম রুবেল হোসেন। ১২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর এবার মাঠ থেকেই বিদায়ী সম্মাননা পেতে যাচ্ছেন এই গতির তারকা। আগামীকাল (সোমবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে বিসিবি আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করবে।আজ এক ফেসবুক পোস্টে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি তাদের বার্তায় জানায়, বাংলাদেশ জাতীয় দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন রুবেল হোসেন। ১২ বছর ক্রিকেট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৯৩ উইকেটের মালিক রুবেলকে শেরেবাংলা স্টেডিয়ামে সম্মাননা জানানো হবে। তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন সত্যিকারের নিবেদিত যোদ্ধা।রুবেল হোসেন মানেই ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়। রুবেলের করা সেই আগুনে স্পেলেই ইংলিশদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। এছাড়া ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই বাংলাওয়াশ সিরিজের নায়কও ছিলেন তিনি। ২০১৩ সালে কিউইদের বিপক্ষেই হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছিলেন এই পেসার।২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন রুবেল। এরপর ২৭ টেস্টে ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট উইকেট সংখ্যা ১৯৩।উল্লেখ্য, ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ড সফরে তিনি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেন। দীর্ঘ সময় দলের বাইরে থাকার পর সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকাদের দেখানো পথেই মাঠের বাইরে থেকে বিদায় নিলেও, বিসিবির এই উদ্যোগ তাকে যথাযথ সম্মান জানানোর সুযোগ করে দিল।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো