প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
মুভিং বাংলাদেশ-এ বড় চমক আফজাল হোসেন: নতুন এক নুহাশ-আফজাল রসায়নের অপেক্ষায় দর্শক
বিনোদন ডেস্ক ||
নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুভিং বাংলাদেশ-এ যুক্ত হলেন প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেন। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে নুহাশের আলোচিত ওয়েব সিরিজ ষ এবং ২ষ-এ আফজাল হোসেনের অনবদ্য অভিনয় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিল। আবারও এই দুই গুণী মানুষের নতুন কাজের খবরে বিনোদন অঙ্গনে বইছে খুশির হাওয়া।নতুন এই সিনেমা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে না চাইলেও নুহাশের পরিচালনার ওপর বরাবরই আস্থা প্রকাশ করেছেন আফজাল হোসেন। ইতিমধ্যে সিনেমার একটি বিশেষ অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নুহাশের কাজের ধরন ও দৃষ্টিভঙ্গির প্রশংসা এর আগেও বরেণ্য এই অভিনেতার মুখে শোনা গেছে, যা এই নতুন সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।চলতি বছরের এপ্রিলের শুরুতেই মুভিং বাংলাদেশ-এর ক্যামেরা ওপেন করেছেন নুহাশ। ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য ও প্রস্তুতির পেছনে সময় দিয়েছেন তিনি। যদিও এখনই সব অভিনয়শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি নির্মাতা। নুহাশ জানান, শুটিং শেষ করে ঘটা করেই বড় চমক নিয়ে দর্শকদের সামনে আসতে চান তিনি। জানা গেছে, সিনেমার প্রধান চরিত্রগুলোর জন্য অনেক নতুন মুখকে অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে।একজন বাইক রাইডারের সংগ্রাম, স্বপ্ন এবং সমসাময়িক বাস্তবতাকে ঘিরে আবর্তিত হয়েছে মুভিং বাংলাদেশ-এর কাহিনী। এটি কেবল তরুণ প্রজন্মের লড়াইয়ের গল্প নয়, বরং এতে উঠে আসবে সমাজের গভীরতর নানা চিত্র। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘার পাশাপাশি এই প্রজেক্টের সাথে যুক্ত আছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। এর আগে সিনেমার চিত্রনাট্য নিয়ে নুহাশ বিশ্বের বিভিন্ন বড় চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন এবং বেশ কিছু সম্মানজনক অনুদানও পেয়েছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো