প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
শোকের আবহে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রওশন আলী মিয়া
নিজস্ব প্রতিবেদক ||
গোপালগঞ্জের মুকসুদপুরে শোকের আবহে চিরনিদ্রায় শায়িত হলেন সরকারি মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মো. রওশন আলী মিয়া। রোববার (২৬ এপ্রিল) জানাজা শেষে টেংরাখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।রোববার সকাল ১০টায় মুকসুদপুর কেন্দ্রীয় সদর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর এই সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে এই সম্মাননা জানানো হয়। এ সময় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফিরোজ খানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।অ্যাডভোকেট রওশন আলী মিয়া শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, মানবিক ও ন্যায়নিষ্ঠ একজন মানুষ। তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, রওশন আলী মিয়া ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, ন্যায়পরায়ণ আইনজীবী এবং অকুতোভয় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তিনি সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। পাশাপাশি মুকসুদপুর কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল হক বকুল, ভাইস প্রিন্সিপাল মাওলানা মাইনুদ্দিন মোল্লা, মাওলানা আব্দুল আজিজ, ইমাম আক্কাস আলী মৃধা, বিএনপি নেতা মশিউর রহমান মিন্টু, যুবদল নেতা কামরুজ্জামান স্বপন এবং মরহুমের জ্যেষ্ঠ পুত্র মাহমুদ হাসান সোহাগ।তাঁর সহধর্মিণী ফরিদা ইয়াসমিনও শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তাঁর তিন সন্তানই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বড় ছেলে মাহমুদ হাসান সোহাগ একজন ব্যাংকার, মেজো ছেলে কলেজের প্রভাষক এবং ছোট ছেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন। তাঁর মৃত্যুতে মুকসুদপুর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো