প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
মেঘনায় ঝড়ের কবলে আটকা পড়ল ৩ যাত্রীবাহী লঞ্চ: আতঙ্কিত যাত্রীরা
নতুন আলো ডেস্ক ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী তিনটি লঞ্চ আটকা পড়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই এই দুর্ঘটনা ঘটে। আটকে পড়া লঞ্চগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি সমতা ও এমভি সাথী এবং ঢাকা-চাঁদপুর রুটের বিলাসবহুল লঞ্চ আল-বোরাক।খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৪টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এমভি সাথী লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে বাহাদুরচরে আটকা পড়ে। ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ে লঞ্চটি দুলতে থাকে এবং একপর্যায়ে লঞ্চের পাখার মধ্যে কারেন্ট জাল আটকে যায়। চালক যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে লঞ্চটি বাহাদুরপুরচরে উঠিয়ে দেন। পরে যাত্রীরা ট্রলারে করে নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন।বিকেল ৫টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলার ষাটনল ঘাট থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয় এমভি সমতা। মাঝনদীতে হঠাৎ ঝড় শুরু হলে চালক অনেক চেষ্টা করেও লঞ্চটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একপর্যায়ে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি গজারিয়ার শোল্লানীচরে আটকা পড়ে।এদিকে, ষাটনল লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চরআব্দুল্লাহপুরে ঢাকা-চাঁদপুর রুটের বিলাসবহুল আল-বোরাক লঞ্চটিও আটকা পড়েছে বলে জানা গেছে। তবে নৌ পুলিশ নিশ্চিত করেছে যে, এই এলাকাটি মুন্সিগঞ্জ জেলার সীমানার মধ্যে পড়েছে।মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, এমভি সমতা ও সাথী দুটি লঞ্চের যাত্রীরাই বর্তমানে নিরাপদে রয়েছেন। আল-বোরাক লঞ্চটির বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। আমরা উদ্ধার তৎপরতা ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো