প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল: গড়ল নতুন ইতিহাস
খেলা ডেস্ক ||
প্রথম আন্তর্জাতিক আসরে খেলতে এসেই রূপকথার জন্ম দিল বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হংকংকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি এশিয়ান গেমসের মূল পর্বেও নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এই অর্জনের মধ্য দিয়ে দেশের হকির ইতিহাসে নতুন এক অধ্যায় সূচিত হলো।ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে ড্র করলেই এশিয়ান গেমসে খেলা নিশ্চিত হতো, কিন্তু জয় নিয়েই মাঠ ছাড়ে জাহিদ হোসেনের শিষ্যরা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের শুরুটা ছিল বেশ নাটকীয়। মাত্র ১৫ সেকেন্ডের মাথায় গোল করে এগিয়ে যায় হংকং। তবে গোল হজম করে দমে না গিয়ে পাল্টা আক্রমণ শুরু করে বাংলাদেশ। দশম মিনিটে নাদিরা এমার দুর্দান্ত ফিল্ড গোলে সমতায় ফেরে দল। এরপর তৃতীয় কোয়ার্টারে (৩৯তম মিনিটে) কণা আক্তার জয়সূচক গোলটি করেন। ম্যাচের শেষ দিকে হংকং মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশের ডিফেন্ডারদের দৃঢ়তায় স্কোরলাইন অক্ষুণ্ন থাকে।বাছাইপর্বের ৮টি দলের মধ্যে শীর্ষ ৪ দল সুযোগ পাবে এশিয়ান গেমসের মূল আসরে। বাংলাদেশ সেই সমীকরণটি খুব সহজেই মিলিয়ে ফেলল। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে প্রথম আন্তর্জাতিক জয়ের স্বাদ পেয়েছিল মেয়েরা।আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। প্রথমবারের মতো এই আসরে বাংলাদেশের পুরুষ দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নারীদের এই সাফল্য দেশের অন্য নারী ক্রীড়াবিদদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো