প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়: ইতিহাস গড়ল তাওহীদ-শামীম জুটি
খেলা ডেস্ক ||
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিউইদের দেওয়া ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে টাইগাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির হলেও মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিং ম্যাচ ছিনিয়ে নেয়। তাওহীদ হৃদয় ২৯ বলে ৫১ রানের অপরাজিত এক দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে শামীম পাটোয়ারী মাত্র ১৩ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলে জয় সহজ করে দেন। চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনের ১৪ বলে ২৮ রানের কার্যকর ইনিংসটিও জয়ের ভিত গড়ে দেয়।এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল মাত্র ১৩৫। আজ ১৮৩ রান তাড়া করে সেই রেকর্ডকে অনেক পেছনে ফেলে দিল ফিল সিমন্সের শিষ্যরা। যদিও টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে (২১৫ রান)।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার দুজনেই ৫১ রান করে করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করে ২ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান একটি করে উইকেট শিকার করেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো