প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
জ্বালানির পর এবার সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা
নতুন আলো ডেস্ক ||
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার সাধারণ মানুষের রান্নাঘরের ওপর নতুন চাপ তৈরি হলো। বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে আরও ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই ঘোষণা দেন। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা এবং খোলা তেলের দাম ছিল ১৭৫ টাকা। দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের চাপ এবং সামগ্রিক আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় অনিবার্য হয়ে পড়েছিল। মন্ত্রীর ভাষ্যমতে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে উৎস পর্যায়ে পণ্যের মূল্য বেড়েছে, যার সরাসরি প্রভাব দেশের বাজারেও পড়ছে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিনির্ভর ভোজ্যতেলের বাজারে আন্তর্জাতিক দরের সাথে সামঞ্জস্য না রাখলে আমদানিকারকরা এলসি খুলতে নিরুৎসাহিত হন। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। অন্যথায় বাজারে কৃত্রিম সংকট বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারত।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভোজ্যতেলের বাজার পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা হবে। দাম বাড়ানোর সুযোগ নিয়ে কেউ যদি অযৌক্তিক মজুত বা কৃত্রিম সংকট তৈরি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো