প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
২০২৭ সালে আসছে ৬০৪টি পরিমার্জিত বই: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই ও রোবোটিক্স
নতুন আলো ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, আনন্দময় ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবই ও শিক্ষাক্রম পরিমার্জনের বিশাল উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ৬০৪টি বই, যার মধ্যে ৬০১টি পরিমার্জিত এবং ৩টি সম্পূর্ণ নতুন বিষয় অন্তর্ভুক্ত থাকছে।নতুন পরিকল্পনায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইকে আমূল বদলে ফেলা হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে এই বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। এনসিটিবি চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী জানিয়েছেন, বইটির কনটেন্ট এমনভাবে সাজানো হচ্ছে যাতে শিক্ষার্থীরা উচ্চ পর্যায়েও এই জ্ঞান কাজে লাগাতে পারে।২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা তিনটি সম্পূর্ণ নতুন পাঠ্যবই পাবে :লার্নিং উইথ হ্যাপিনেস: ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে এই বইটি প্রণয়ন করা হচ্ছে।স্পোর্টস অ্যান্ড কালচার: চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ে এই নতুন বই যুক্ত হবে।কারিগরি ও ভোকেশনাল: এই স্তরের জন্য একটি বিশেষ নতুন বই অন্তর্ভুক্ত করা হচ্ছে।শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে লার্নিং উইথ হ্যাপিনেস এবং স্পোর্টস অ্যান্ড কালচার বিষয়ে কোনো গতানুগতিক লিখিত পরীক্ষা দিতে হবে না। এর পরিবর্তে শ্রেণিকক্ষে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বছরজুড়ে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এছাড়া চতুর্থ শ্রেণির নতুন বইয়ে ফুটবলের পাশাপাশি কারাতে ও দাবার মতো বুদ্ধিবৃত্তিক ও আত্মরক্ষামূলক খেলাও অন্তর্ভুক্ত করা হচ্ছে।এই পরিমার্জন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে ৪০০ সদস্যের একটি শক্তিশালী প্যানেল গঠন করা হয়েছে। এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্পন্ন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে দরপত্র ও ছাপানোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের এই পরিমার্জনার ধারাবাহিকতায় ২০২৮ সাল থেকে নতুন কারিকুলামে পাঠ্যবই দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো