প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বৃষ্টির অজুহাতে কাঁচাবাজারে আগুন: ডিম-মুরগি ও সবজির দামে নাকাল নগরবাসী
নতুন আলো ডেস্ক ||
রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম নিয়ে আবারও অস্থিরতা শুরু হয়েছে। বৈরী আবহাওয়া ও সরবরাহে ঘাটতির অজুহাতে ডিম, মুরগি এবং বেশিরভাগ সবজির দাম এক লাফে অনেকটা বেড়ে গেছে। শুক্রবার (০১ মে) ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম বাড়ার সাথে সাথে দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে।মে দিবসের ছুটির দিন হওয়ায় সকালে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। তবে বাজারে ভিড় বাড়লেও দামে কোনো স্বস্তি মেলেনি। বরং প্রায় প্রতিটি পণ্যের দাম গত কয়েক দিনের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দেখা গেছে।বর্তমানে করলা, বরবটি, বেগুন, ঝিঙা, ধুন্দল ও কাঁকরোলের মতো গ্রীষ্মকালীন সবজিগুলো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে ট্রাক চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে, যার ফলে দাম বেড়েছে। তবে ক্রেতারা একে স্রেফ অজুহাত হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনায় তদারকি না থাকায় বিক্রেতারা খেয়ালখুশিমতো দাম বাড়াচ্ছেন।সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে বর্তমানে ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। রাসিব মোস্তফা নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দিন আগেই ১২০ টাকায় ডিম কিনেছি, আজ সেটি ১৩০ টাকা দিয়ে কিনতে হলো। প্রশাসনের কোনো নজরদারি নেই। এদিকে ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।অন্যদিকে, দাম বাড়ার পর বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে।নিত্যপণ্যের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে নগরবাসীর মাসিক খরচে বড় ধরণের প্রভাব পড়ছে। সাধারণ ভোক্তারা বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো