প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
থালাপতির চমক: তামিলনাড়ু নির্বাচনে দুই আসনেই এগিয়ে বিজয়; কেরালায় মুখ থুবড়ে পড়ল বামেরা
আন্তর্জাতিক ডেস্ক ||
সিনেমার রূপালী পর্দা থেকে রাজনীতির ময়দান—অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক হতে যাচ্ছে রাজকীয়ভাবে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, বিজয় তাঁর প্রতিদ্বন্দ্বিতা করা পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্ট—উভয় আসনেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ক্ষমতাসীন ডিএমকে-র দুর্গ হিসেবে পরিচিত এই দুই আসনে বিজয়ের এগিয়ে থাকা দক্ষিণ ভারতের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রাজধানী চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ আসন পেরাম্বুর এবং ঐতিহাসিক তিরুচিরাপল্লি ইস্টে বিজয়ের প্রাথমিক জয় তাঁর দল তামিলা ভেত্রি কাজাগাম(টিভিকে)-এর জন্য বড় মাইলফলক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিজয়ের দল টিভিকে ৯৯টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে, ক্ষমতাসীন ডিএমকে ৫৩টি এবং এডিএমকে প্লাস জোট ৭৪টি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, বিজয়ের দল এবারের নির্বাচনে এককভাবে ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে।তামিলনাড়ুর পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য কেরালাতেও বইছে পরিবর্তনের হাওয়া। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, ক্ষমতাসীন বাম জোট (এলডিএফ) ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৯০টিরও বেশি আসনে এগিয়ে থেকে ক্ষমতায় ফেরার পথে রয়েছে।সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর নিজের দুর্ভেদ্য ঘাঁটি ধর্মদম আসনে পিছিয়ে আছেন। এছাড়াও ক্ষমতাসীন মন্ত্রিসভার অন্তত ১২ জন মন্ত্রী, যার মধ্যে বীণা জর্জ, এমবি রাজেশ এবং পি রাজীবের মতো হেভিওয়েট নেতারা রয়েছেন, তাঁরা নিজ নিজ আসনে পিছিয়ে পড়েছেন। বর্তমানে এলডিএফ মাত্র ৪০টির কিছু বেশি আসনে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চারটি আসনে এগিয়ে রয়েছে।কড়া নিরাপত্তার মধ্যে আজ সকাল থেকেই ইভিএম গণনা শুরু হয়। মূলত পোস্টাল ব্যালট দিয়েই গণনার সূচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুপুরের মধ্যেই উভয় রাজ্যের নির্বাচনের চূড়ান্ত ও স্পষ্ট চিত্র পাওয়া যাবে। বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর চিরাচরিত দ্রাবিড় রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, এখন সেটিই দেখার বিষয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো