প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
ঈদুল আজহায় লম্বা ছুটির হাতছানি: স্কুল-কলেজে ১৬ ও মাদ্রাসায় ২১ দিনের ছুটি।
নতুন আলো ডেস্ক ||
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকুরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির ঘোষণা এসেছে। ২০২৬ সালের ক্যালেন্ডার ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, এবার শিক্ষার্থীরা টানা দুই থেকে তিন সপ্তাহের ছুটি উপভোগ করতে পারবেন। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটির আমেজ কিছুটা ভিন্ন হচ্ছে।২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে থেকে। ৪ জুন পর্যন্ত এই ছুটি থাকলেও আগে-পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে ১৬ দিনে। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও একই সমীকরণ কার্যকর হবে।সবচেয়ে দীর্ঘ ছুটি পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। তাদের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি ২৪ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে তারা টানা ২১ দিনের বিশাল এক অবকাশ যাপন করবে।মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি চাকুরিজীবীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে মোট ৭ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এই ছুটির বিন্যাসে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ মে (শনিবার) সাধারণ সাপ্তাহিক ছুটির দিন হলেও ওইদিন সরকারি অফিস খোলা থাকবে। ঈদযাত্রার সমন্বয় এবং দীর্ঘ ছুটি নিশ্চিত করার লক্ষ্যে এই শনিবারের ছুটি বাতিল করে ওইদিন সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।শিক্ষা ও প্রশাসনিক এই দীর্ঘ ছুটির ফলে এবারের ঈদে রাজধানী ঢাকা সহ বড় শহরগুলো থেকে রেকর্ড সংখ্যক মানুষ নাড়ির টানে বাড়ি ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি একসাথে হওয়ায় পরিবারগুলোর জন্য এটি একটি বড় ভ্রমণের সুযোগ তৈরি করেছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো