প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
মব কালচার বন্ধে আইন সংশোধন ও জুয়া রুখতে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও যুগোপযোগী করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।আজ রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও সন্তোষজনক উন্নতি হয়েছে। এই ধারা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে।তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে অপরাধের ধরন ও মাত্রা বদলে গেছে। সনাতনী পদ্ধতি দিয়ে বর্তমানের আধুনিক অপরাধ দমন সম্ভব নয়। পুলিশ সদস্যরা যদি সংশ্লিষ্ট বিষয়ে আধুনিক প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা অর্জন করতে না পারেন, তবে অপরাধ দমনে কাঙ্ক্ষিত লক্ষ্য ও সাফল্য অর্জন করা সম্ভব হবে না।তিনি আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম এবং মানি লন্ডারিংয়ের মতো অপরাধগুলো প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই দ্রুত নতুন আইন প্রণয়ন করা হবে।মব কালচার বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রুখতে কঠোর হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে মব কালচার পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে আরও কঠোর ও যুগোপযোগী করা হবে। এ সময় তিনি পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের প্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খন্দকার রফিকুল ইসলাম। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো