প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
লিটনের সেঞ্চুরিতে লড়াকু বাংলাদেশ, প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান
খেলা ডেস্ক ||
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। প্রথম দিন শেষে সফরকারী পাকিস্তানের চেয়ে ২৫৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হওয়ার পর জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২১ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে পাকিস্তান।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। নিজের অভিষেক টেস্টে নেমে ভালো শুরুর আভাস দিলেও ৩৪ বলে ২৬ রান করে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।ঢাকা টেস্টের ফর্মে থাকা ব্যাটাররাও আজ সিলেটে সুবিধা করতে পারেননি। সবশেষ পাঁচ ইনিংসে ফিফটি হাঁকানো টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সৌরভ আজ আউট হন ২২ রান করে। ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরেন ২৯ রানে। এরপর মুশফিকুর রহিম (২৩) এবং সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মে না থাকা ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (৪) দ্রুত বিদায় নিলে মাত্র ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে বাংলাদেশ।দলের এমন কঠিন মূহূর্তে হাল ধরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। স্বীকৃত ব্যাটসম্যানদের বিদায়ের পর লোয়ার অর্ডারদের নিয়ে রূপকথার মতো লড়াই শুরু করেন তিনি। সপ্তম উইকেটে স্পিনার তাইজুল ইসলামকে (১৬) সঙ্গে নিয়ে গড়েন ৬০ রানের পার্টনারশিপ। এরপর অষ্টম উইকেটে তাসকিন আহমেদকে নিয়ে যোগ করেন আরও ৩৮ রান।দলীয় ২১৪ রানে অষ্টম উইকেট পতনের পর পেসার শরীফুল ইসলামকে সাথে নিয়ে নবম উইকেটে ৬৬ রানের আরও একটি দুর্দান্ত জুটি গড়েন লিটন। এই লড়াইয়ের পথেই নিজের ৫৪ টেস্টের ক্যারিয়ারে ষষ্ঠ ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত হাসান আলীর বাউন্সারে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন এই ডানহাতি ব্যাটার। আউট হওয়ার আগে ১৫৯ বলে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে খেলেন ১২৬ রানের এক ঝলমলে ইনিংস। লিটন আউট হওয়ার পর আর কোনো রান যোগ না করেই নাহিদ রানা বিদায় নিলে ২৭৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। পাকিস্তানের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন খুররম শাহজাদ। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি এবং হাসান আলী ২টি উইকেট শিকার করেন।বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে প্রথম দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলে দিন পার করে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২১ রান।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো