প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক! ঘাতক বাস নিয়ে চালক পলাতক
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
কুষ্টিয়া সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার চৌড়হাস টার্মিনাল সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় নিশ্চিত করা না গেলেও তাদের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বলে জানা গেছে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধ দম্পতি চৌড়হাস পৌর টার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এফ কে সুপার ডিলাক্স পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় দুজনেই ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই চালক ঘাতক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। অন্যদিকে, তাঁর স্ত্রীর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।আরএমও আরও জানান, প্রাথমিক সূত্রে জানা গেছে তাদের বাড়ি খোকসা উপজেলায়। খবর পেয়ে তাদের স্বজনরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা এসে পৌঁছালেই হতাহতদের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় হাইওয়ে পুলিশ ও মডেল থানা পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো