প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
কাজাখস্তানের বরফ থেকে বাংলাদেশের উত্তাল পানি—সবই আছে নিশোর ‘দম’-এ।
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
মাত্র ৫৫ সেকেন্ডের ঝলক, তাতেই বাজিমাত! দৃশ্যপট আর গল্পের গভীরতায় কার্যত চমকে গেছে দর্শক। শুরুতে দেখে মনে হতে পারে কোনো হলিউড সিনেমার দৃশ্য, কিন্তু সত্যটা হলো এটি আসন্ন ঈদের সিনেমা ‘দম’-এর ফার্স্ট লুক বা টিজার। রোববার (৮ মার্চ) দুপুরে টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা।
টিজারটি প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীরা মুগ্ধতা প্রকাশ করছেন। বিশেষ করে এর আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল এবং রহস্যময় গল্পের আভাস দর্শকদের ভাবিয়ে তুলেছে। টিজারের শুরুতেই জানানো হয়, সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ভিডিওতে বরফে ঢাকা পাহাড়ি পথ, শুষ্ক মরুভূমির রুক্ষতা, ঘোড়ায় চড়া সশস্ত্র দলের শ্বাসরুদ্ধকর অভিযান এবং উত্তাল পানিতে ঝাঁপ দেওয়ার মতো দৃশ্যগুলো দর্শকদের কৌতূহলকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
[embed]https://www.youtube.com/watch?v=jA1ICy2aWTQ[/embed]
টিজারের শেষাংশে জ্বলন্ত এক লোকালয়ের মধ্য দিয়ে হেঁটে আসতে দেখা যায় আফরান নিশোকে। সেখানে তার কণ্ঠে শোনা যায় এক শক্তিশালী সংলাপ: “আমি শাহজাহান ইসলাম নূর। বাংলাদেশি মুসলমান। মনে রাইখো।”
এই সিনেমায় নিশোর পাশাপাশি চঞ্চল চৌধুরী, পূজা চেরি এবং ডলি জহুরের মতো তারকাদের উপস্থিতি দর্শকদের আরও বেশি আগ্রহী করে তুলেছে। প্রযোজনা প্রতিষ্ঠান চরকি তাদের ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, “মনে রাইখো! দম থাকলে ঠেকায় কে?”
টিজারটি দেখে নেটিজেনদের মন্তব্য ছিল দেখার মতো। আন্তর্জাতিক নির্মাণশৈলী দেখে একজন মন্তব্য করেছেন, “ইন্টারন্যাশনাল কোয়ালিটি।” আরেকজন লিখেছেন, “চোখে পানি এনে দিলো।” পরিচালকের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, “কী দেখাইলা বস!”
রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে এবং বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে।
আসন্ন ঈদে আফরান নিশোর এক দুর্বিষহ ও শ্বাসরুদ্ধকর যাত্রার গল্প নিয়ে ‘দম’ বাংলা সিনেমাকে বৈশ্বিক দরবারে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ভক্তদের।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো