প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ জনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ছয় নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল আজ বুধবার সকালে সমকালকে জানান, নিহত ছয়জনই নবজাতক। আজ ভোরে খুব কাছাকাছি সময় তারা মারা গেছে। দুর্ঘটনার কারণ এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলামও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে গ্যাস লিকেজ হয়েছে এবং নিহতরা কারা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রব্বানী হোসেন বলেন, আদ-দ্বীন হাসপাতালে ৬ জন মারা গেছে বলে জানতে পেরেছি। এসির গ্যাস লিকেজ থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেছেন। গ্যাস লিকেজের উৎস ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো