প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
পবিত্র হজ শেষে ৪১৯ যাত্রী নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট
ইসলামিক ডেস্ক ||
পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হাজীকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাজীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।হজ মিশন সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয়। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হাজীদের দেশে ফেরার এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।ফিরতি ফ্লাইটের প্রথম দিনে আজ সৌদিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাইনাসের মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজীর দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে পদার্পণ করা হাজীদের স্বাগত জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজীকে জমজমের পবিত্র পানি বিতরণ করা হচ্ছে।উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। সফলভাবে হজ পালন শেষে সুস্থ শরীরে দেশে ফিরতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন হাজীরা।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো