প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: নারী ও শিশুসহ নিহত ৪, আহত ৩
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ||
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারের সজোরে ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে যশোর অভিমুখে যাচ্ছিল একটি প্রাইভেটকার। পথে মালিগ্রাম এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাড়িটি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে, প্রাইভেটকারটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার আরোহীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতদের সবার বাড়ি যশোর অঞ্চলে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, চারজনের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া এক শিশুসহ আহত তিনজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে দ্রুতগতিতে চলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা মারে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যান দুটি উদ্ধার করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো