প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশ! পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময় ও বড় এই অর্জনে পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, এই গৌরবময় অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বস্ততারই বহিঃপ্রকাশ। তিনি গভীর আশা প্রকাশ করে বলেন, নতুন এই বৈশ্বিক দায়িত্বে খলিলুর রহমান অত্যন্ত গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই সঙ্গে বহুপাক্ষিক ও অভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে সংযোগ (কানেক্টিভিটি), সংলাপ (ডায়ালগ) এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীর সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ হলো জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সর্বজনীন আলোচনামূলক, নীতি নির্ধারণী ও প্রধান ফোরাম। এই পরিষদের সভাপতি প্রতি এক বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। নির্বাচিত সভাপতি সাধারণ পরিষদের অধিবেশনগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কার্যকর সংলাপ ও ঐকমত্য গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করেন।সংশ্লিষ্ট কূটনৈতিক মহল মনে করছে, জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই নীতি নির্ধারণী ফোরামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও মর্যাদা আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো