প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
বিদ্যুৎ নিয়ে চরম দুঃসংবাদ! গ্রাহক ও পাইকারি—উভয় পর্যায়েই বাড়ল ইউনিটপ্রতি দাম
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
দেশে গ্রাহক ও পাইকারি—উভয় পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রাহক ও পাইকারি উভয় স্তরে বিদ্যুতের নতুন এই মূল্যহার ঘোষণা করেছে।নতুন মূল্যহার অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ। বিশেষ করে সাধারণ গ্রাহক পর্যায়ে যারা সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহারকারী বা লাইফলাইন গ্রাহক, তাদের ক্ষেত্রেও দাম বেড়েছে ১৫ শতাংশ। আর উচ্চ ব্যবহারকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।পাইকারি মূল্যের ক্ষেত্রে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করেছে কমিশন। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিদ্যুৎ সঞ্চালন খরচ ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর প্রাক্কলন বা হিসাব অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সেই সময়ে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ প্রায় ১২ দশমিক ৯১ টাকার মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) তাদের সঞ্চালন খরচ আরও বাড়ানোর প্রস্তাব দিলেও কমিশন সার্বিক দিক বিবেচনা করে বর্তমান দরটি নির্ধারণ করেছে।উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাহী আদেশের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৮ দশমিক ৫০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। প্রায় দুই বছর পর আবারও বিইআরসির প্রক্রিয়ার মাধ্যমে এই বড় দফায় দাম বাড়ানো হলো।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো