প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
সুন্দরবনে কোস্ট গার্ডের বড় সাফল্য: আস্তানা ধ্বংসসহ করিম শরীফ বাহিনীর ডাকাত গ্রেফতার, অস্ত্র ও হরিণের মাথা উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি ||
সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বন্য প্রাণী শিকারের সরঞ্জাম এবং হরিণের মাথাসহ কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানকালে দস্যুদের ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।কোস্ট গার্ড জানায়, সুন্দরবন অঞ্চলে বনদস্যু ও বন্যপ্রাণী শিকারী নির্মূলের লক্ষ্যে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) বেলা ৩টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।আটক ডাকাতের কাছ থেকে এবং পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ দল মোরেলগঞ্জের পিসি বাড়ইখালি এলাকায় তাঁর বাড়িতে তল্লাশি চালায়।দুই দফা অভিযানে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে :৪টি একনলা বন্দুক২০টি তাজা কার্তুজ ও ৭৪টি ফাঁকা কার্তুজ৭টি এয়ারগানের গুলি ও ১টি টেলিস্কোপ১টি শিংসহ হরিণের মাথা১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি ও ১টি ওয়াকিটকি চার্জার৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, আটক আল-আমিন বাচ্চু হাওলাদার দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। তিনি সুন্দরবন এলাকায় নির্বিচারে হরিণ শিকার, ডাকাতি এবং নিরীহ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো ভয়ংকর অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো