প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন: আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কে খেলবেন, আলভারেজ নাকি লাউতারো?
খেলা ডেস্ক ||
২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সেন্টার ফরোয়ার্ড পজিশন। আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি কাকে শুরুর একাদশে রাখবেন—হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ বাছাইপর্ব এবং সাম্প্রতিক টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনায় আলভারেজই দীর্ঘদিন ধরে স্কালোনির প্রথম পছন্দ। তবে সাম্প্রতিক ইনজুরি এবং বর্তমান শারীরিক পরিস্থিতি দুই তারকার লড়াইকে আরও জমজমাট করে তুলেছে।কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর থেকে হুলিয়ান আলভারেজ নিয়মিতভাবে আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছেন। গতি, প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর অনবরত চাপ সৃষ্টি করার ক্ষমতা এবং অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে চমৎকার বোঝাপড়া তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। কাতার বিশ্বমঞ্চে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে কোচ স্কালোনির আস্থার প্রতিদান দিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা।তবে সাম্প্রতিক সময়ে গোড়ালির চোট আলভারেজকে কিছুটা পিছিয়ে দিয়েছে। চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি তিনি। বর্তমানে তিনি পুরোপুরি ছন্দে ফেরার লড়াই চালাচ্ছেন।আলভারেজের ইনজুরির সময়ে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেয়েছেন ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজ। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেনাল্টি থেকে গোলও করেছেন তিনি। ২০২৪ কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হলেও পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে থাকার সুযোগ পেয়েছিলেন মার্তিনেস। স্কালোনির কৌশলগত পরিকল্পনায় আলভারেজ বেশি সময় মাঠে থাকলেও লাউতারো সবসময়ই ছিলেন সাইড বেঞ্চের ট্রাম্প কার্ড।ইনজুরির কারণে গত এক বছরে লাউতারোকেও বেশ কয়েকবার ছন্দ হারাতে হয়েছে। মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ মিস করার পর চলতি বছরের দুটি প্রীতি ম্যাচও খেলতে পারেননি তিনি। তবে আলজেরিয়া ম্যাচের আগে মার্তিনেস বর্তমানে শারীরিকভাবে শতভাগ ফিট ও দারুণ অবস্থায় আছেন।সবশেষ মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এই দুই আর্জেন্টাইন ফরোয়ার্ড:লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান): ৪১ ম্যাচে ২২টি গোল এবং ৬টি অ্যাসিস্ট।হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ): ৪৯ ম্যাচে ২০টি গোল এবং ৯টি অ্যাসিস্ট।আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে পরিস্থিতি কিছুটা বদলেছে। আলভারেজ এখনো চোট কাটিয়ে পুরোপুরি চাঙ্গা হওয়ার প্রক্রিয়ায় থাকায়, শারীরিকভাবে এগিয়ে থাকা লাউতারো মার্তিনেসকেই বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে দেখা যেতে পারে। তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্কালোনির আস্থার তালিকায় আলভারেজ এখনো সামান্য এগিয়ে আছেন।সব মিলিয়ে আলজেরিয়া ম্যাচ তো বটেই, আর্জেন্টিনার নাম্বার নাইন পজিশনটি নিজের করে নেওয়ার এই হাড্ডাহাড্ডি লড়াই যে পুরো বিশ্বকাপজুড়েই চলবে, তা বলাই বাহুল্য।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো