প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
শাকিবের সোলজার-এ যুক্ত হলেন এবিএম সুমন, থাইল্যান্ডে চলছে অ্যাকশন দৃশ্যের শুটিং
বিনোদন ডেস্ক ||
থাইল্যান্ডে চলছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার-এর শেষ ধাপের শুটিং। গত এক সপ্তাহ ধরে পুরো টিম সেখানে ব্যস্ত সময় পার করছে। শাকিব খান ও তানজিন তিশার পাশাপাশি এই সিনেমায় আর কারা থাকছেন, তা নিয়ে এতদিন বেশ গোপনীয়তা বজায় রাখা হলেও এবার জানা গেল নতুন এক চমক। সিনেমাটির থাইল্যান্ড পার্টের শুটিংয়ে যুক্ত হয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন।পরিচালক সাকিব ফাহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোলজার সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে, যার উপস্থিতি গল্পের মোড় ঘুরিয়ে দেবে এবং নতুন মাত্রা যোগ করবে। জানা গেছে, থাইল্যান্ডের ব্যাংকক ও বিভিন্ন লোকেশনে বেশ কয়েকটি চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যে শাকিব খানের মুখোমুখি হয়েছেন সুমন। তারকাদের এই লুককে নিখুঁত ও আন্তর্জাতিক মানের করে তুলতে মুম্বাই থেকে উড়িয়ে আনা হয়েছে খ্যাতিমান মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকরকে।সোলজার-এ অভিনয় প্রসঙ্গে উচ্ছ্বসিত এবিএম সুমন বলেন, সিনেমায় আমার চরিত্রটি খুবই চমৎকার ও ইন্টারেস্টিং, এটি একটি ক্যামিও চরিত্র। এর বাইরে চুক্তির কারণে বিস্তারিত কিছু বলার অনুমতি নেই। তবে শুধু এটুকু বলতে পারি—সোলজারে আমি আছি এবং দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে।দুর্নীতি ও শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের বুক চিতিয়ে লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সোলজার। এর আগে প্রকাশ পাওয়া ৩৪ সেকেন্ডের একটি মোশন ভিডিওতে শাকিব খানের বিধ্বংসী লুক এবং ব্যাকগ্রাউন্ডে তাঁর কণ্ঠে—তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি সংলাপটি দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছিল। সিনেমাটিতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেতা তারিক আনাম খান ও তৌকীর আহমেদ।গত বছরের অক্টোবরে শুরু হওয়া এই সিনেমাটি চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তির চূড়ান্ত পরিকল্পনা রয়েছে। নির্মাতা সাকিব ফাহাদ বলেন, সিনেমাটি নিখুঁতভাবে শেষ করাই এখন আমাদের মূল লক্ষ্য। চলতি বছরের অক্টোবর কিংবা ডিসেম্বর—এই দুই সময়ের যেকোনো একটিতে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি, ভালো সিনেমা শুধু উৎসবের দিনে নয়, বছরের যেকোনো সময়ই দর্শক গ্রহণ করে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো