প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
মধ্যবিত্তের আড়ালে চাপা পড়া এক ভয়ংকর সত্যের গল্প—ঠান্ডা গোশত ২.০
বিনোদন ডেস্ক ||
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর কালজয়ী ও বহুল আলোচিত ছোটগল্প—ঠান্ডা গোশত থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠান্ডা গোশত ২.০। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন দৃষ্টিনন্দন ও গল্পসংশ্লিষ্ট লোকেশনে এর শুটিংয়ের কাজ সফলভাবে শেষ হয়েছে।চলচ্চিত্রটির নির্মাতাদ্বয় জানান, এটি মান্টোর মূল গল্পের কোনো হুবহু রিমেক বা রূপান্তর নয়। বরং তাঁর সাহিত্যে উঠে আসা তীব্র সামাজিক সহিংসতা, নৈতিক সংকট, অপরাধবোধ এবং মানবিক পতনের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে সমকালীন বাংলাদেশের বাস্তবতায় একবিংশ শতাব্দীর আবহে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।ঠান্ডা গোশত ২.০-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, নাট্যকার ও অভিনেতা সুমন আনোয়ার, আনিয়াহ আবদিয়াহ তাসনিম, ফাতেমা তুজ জোহরা ইভা এবং সিফাত বন্যা।চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে এক সাধারণ মধ্যবিত্ত স্বামী ও বাবার মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে। তার হঠাৎ বদলে যাওয়া এবং অস্বাভাবিক আচরণের কারণ অনুসন্ধান করতে গিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় দীর্ঘদিন চাপা পড়ে থাকা এক ভয়ংকর ও নির্মম সত্য। মূলত ব্যক্তিগত অপরাধ, তীব্র অপরাধবোধ এবং তার পারিবারিক ও সামাজিক অভিঘাতকে ঘিরেই এগিয়েছে এর মনস্তাত্ত্বিক আখ্যান।নির্মাণ প্রসঙ্গে পরিচালক শাহ নেওয়াজ খান সিজু বলেন, আজ থেকে প্রায় ৭৬ বছর আগে সাদাত হাসান মান্টো তৎকালীন অবিভক্ত ভারতীয় উপমহাদেশের সামাজিক বাস্তবতার যে নগ্ন প্রতিচ্ছবি ঠান্ডা গোশত গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন, দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজবাস্তবতা আজও বদলায়নি। দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গার সেই অন্ধকার সময়ে যেভাবে নারীরা নিরাপদ ছিলেন না, আজও এই স্বাধীন রাষ্ট্রে নারীরা প্রতিনিয়ত অনিরাপদ।নিজের ক্ষোভ ও তাগিদ ব্যক্ত করে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো আমাকে মানসিকভাবে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রায় ছয় বছর ধরে আমি এই সমকালীন গল্পটি মাথায় নিয়ে ঘুরছি এবং ভাবছি। মান্টো যেভাবে তাঁর সময়ের অস্বস্তিকর সত্যগুলো সমাজ ও রাষ্ট্রের সামনে নির্ভীকভাবে তুলে ধরেছিলেন, আমরাও ঠিক তেমনি আমাদের সময়ের এই গল্পটি বলতে চাই অত্যন্ত সৎ, আপসহীন ও নির্ভীকভাবে।প্রযোজনা সূত্রে জানা গেছে, বর্তমানে চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের (সম্পাদনা ও আবহসংগীত) কাজ চলছে। এই কাজ শেষ হতেই দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শনের জন্য জমা দেওয়া হবে। পাশাপাশি পরবর্তীতে ওটিটি বা যেকোনো বড় ডিজিটাল প্ল্যাটফর্মে এটি সাধারণ দর্শকদের জন্য মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো