প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়: মিসরের বিপক্ষে নামার আগে সতর্ক আর্জেন্টিনা
খেলা ডেস্ক ||
চলমান ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হলো বিশ্ব। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নরওয়ে। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের অতিমানবীয় পারফরম্যান্সের কাছে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেইমার-ভিনিসিয়ুসরা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এই দুঃখ-দুর্দশা ও বিদায় দেখে মাঠের লড়াইয়ে নামার আগে বাড়তি সতর্ক আলবিসেলেস্তেরা।শেষ ষোলোর (রাউন্ড অব সিক্সটিন) ম্যাচে আফ্রিকান পরাশক্তি মিসরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শক্তির বিচারে মোহাম্মদ সালাহদের চেয়ে আর্জেন্টিনা বেশ এগিয়ে থাকলেও মিসরকে মোটেও হালকাভাবে নিচ্ছে না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রধান কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে দলটির খেলোয়াড়দের কথাতেই যেন সেই সতর্কতার স্পষ্ট আভাস।নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিলের বিদায়ের ট্র্যাজেডি স্মরণ করিয়ে দিয়ে সতীর্থদের সতর্ক করেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। ব্রাজিলের বিদায়ের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, নকআউটে সহজ ম্যাচ বলে কিছু নেই। এখানে সর্বোচ্চ প্রস্তুতি থাকায় যেকোনো ছোট দলও বিপদের কারণ হতে পারে।পারেদেস আরও যোগ করেন, প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটি দলই দারুণ প্রস্তুতি নিয়ে এসেছে।একই সুরে কথা বলেছেন আর্জেন্টিনার নির্ভরযোগ্য ডিফেন্ডার নাউয়েল মলিনা। মিসরকে হারাতে হলে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, দিন শেষে কেউ আপনাকে কোনো কিছু ছেড়ে দেবে না। সব প্রতিপক্ষই আপনাকে বিশ্লেষণ করে মাঠে নামবে এবং সবাই নিজেদের জাতীয় দলের জন্য উজাড় করে দেবে। আমাদের দিক থেকে, বরাবরের মতোই আমরা ম্যাচের মূল নিয়ন্ত্রণে থাকার এবং সম্ভাব্য সেরা উপায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার চেষ্টা করব।কার্লো আনচেলত্তির অধীনে হট ফেবারিট হিসেবে বিশ্বকাপে আসা ব্রাজিলের বিদায় যখন ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, তখন স্কালোনির শিষ্যরা এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে মিসরের বিপক্ষে মাঠে সম্পূর্ণ নিঁখুত পারফরম্যান্স উপহার দিতে বদ্ধপরিকর।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো