গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুকসুদপুর কলেজে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন,
“শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়তা করে”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান।
ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব হাসান বাবরের সভাপতিত্বে এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন:
- একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক ডক্টর কবির উদ্দিন আহমেদ।
- শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাজু।
- ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী দৌড়, লাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়াসহ স্থানীয় সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন