বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
মুকসুদপুরে গৃহবধূ নিখোঁজ: থানায় স্বামীর জিডি, সন্ধানে পুলিশের তৎপরতা ।
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রাম থেকে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী নাদির মোল্যা (২৫) মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২ মার্চ ২০২৬) সকাল ১০টার দিকে গৃহবধূ দৈনন্দিন কাজের জন্য বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর স্বামী নাদির মোল্যা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। কোনো উপায় না পেয়ে অবশেষে তিনি থানায় আইনি সহায়তা চেয়ে জিডি করেন।
নিখোঁজ গৃহবধূর শ্বশুরবাড়ি ও স্থায়ী ঠিকানা মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে। তাঁর শ্বশুরের নাম মোঃ নাজির মোল্যা এবং শাশুড়ি সুপিয়া বেগম।
নিখোঁজ গৃহবধূর সন্ধান না পেয়ে পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে জনসাধারণের কাছে বিনীত আবেদন করা হয়েছে—যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মুকসুদপুর থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, তাদের অবস্থান শনাক্ত করতে এবং দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয়রা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত গৃহবধূকে উদ্ধারের জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো
আপনার মতামত লিখুন