চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা ও নায়ক রাকিব হোসেন ইভনকে নিয়ে শুরু হওয়া চারুলতা সিনেমাটি ঘিরে ঢালিউডে তৈরি হয়েছে চরম বিতর্ক ও উত্তেজনা। সিনেমাটির কাজ অসম্পূর্ণ রাখা, অর্থ আত্মসাৎ এবং অভিনয়শিল্পীদের পারিশ্রমিক বকেয়া রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রথম পরিচালক রাইসুল ইসলাম অনিকের বিরুদ্ধে। এমনকি অভিযোগের সুরাহা না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বর্তমান প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট। অন্যদিকে, নিজেকে নির্দোষ দাবি করে অনিক বলছেন, তাঁকে হেয় করার জন্যই এই অভিযোগগুলো সামনে আনা হচ্ছে।
২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও ইভনকে নিয়ে চারুলতা সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা রাইসুল ইসলাম অনিক। দীর্ঘদিন সিনেমাটি আলোর মুখ না দেখায় গত বছর এর স্বত্ব কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট। তবে চলতি মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানায়, নানা জটিলতায় চারুলতার কাজ আর এগোচ্ছে না এবং সিনেমাটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে একই কাস্টিং (ভাবনা ও ইভন) নিয়ে তারা ঢাকা-১২০৫ নামে সম্পূর্ণ নতুন একটি সিনেমার কাজ শুরু করেছে, যা পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ।
ঝামেলার সূত্রপাত হয় যখন নির্মাতা অনিক গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আমি চারুলতা সিনেমা বুঝিয়ে দিয়েছি। বাকি থাকা অল্প কিছু ডাবিং শেষ হলে এটিই ঢাকা-১২০৫ নামে মুক্তি পাবে।
অনিকের এমন মন্তব্যের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২০৫ সিনেমার পরিচালক ওয়ালিদ আহমেদ এবং প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট। তারা সাফ জানিয়ে দেন, চারুলতা এবং ঢাকা-১২০৫ সম্পূর্ণ দুটি আলাদা সিনেমা। চলচ্চিত্র পরিচালক সমিতিতেও আলাদাভাবে এর নিবন্ধন করা হয়েছে।
সাদামাটা এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরান বলেন, চুক্তি অনুযায়ী সম্পূর্ণ পাওনা বুঝে নিলেও অনিক আমাদের পুরো কাজ বা হিসাব বুঝিয়ে দেননি। একপর্যায়ে তিনি নিজেই অপারগতা প্রকাশ করে পরিচালক সমিতিতে চিঠি দিয়ে দায় স্বীকার করে প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এখনো সব জায়গায় অর্থসংক্রান্ত বড় ইস্যু রয়ে গেছে। শুধু তা-ই নয়, তিনি প্রধান দুই অভিনয়শিল্পী ভাবনা ও ইভনের পারিশ্রমিকও পুরোপুরি পরিশোধ করেননি।
প্রযোজক আরও যোগ করেন, সমস্যা সমাধানের জন্য আমরা তাঁকে (অনিক) কিছুটা সময় দিতে চাই। এর মধ্যে সমাধান না হলে আমরা বাধ্য হয়ে আইনি ব্যবস্থা নেব। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হচ্ছে।
প্রযোজকের আনা এসব অভিযোগের বিপরীতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নির্মাতা রাইসুল ইসলাম অনিক। তিনি বলেন, চারুলতাই নাম বদলে ঢাকা-১২০৫ হিসেবে মুক্তি পাবে—আমাদের আলোচনার সময় আমি অন্তত তাই জানতাম। এখন সংবাদ সম্মেলনে আমার বক্তব্যের পর তারা হয়তো পরিকল্পনা পরিবর্তন করছেন, সেটা তাদের ব্যাপার। তবে আমি চারুলতার পুরো শুটিং শেষ করেই ফুটেজ তাদের কাছে জমা দিয়েছি।
অর্থসংক্রান্ত জটিলতা ও নায়ক-নায়িকার পারিশ্রমিক বকেয়ার বিষয়ে অনিক বলেন, আশনা হাবিব ভাবনার পারিশ্রমিক বকেয়া থাকার দাবিটি সত্য নয়। তবে নায়ক ইভনের কিছু পারিশ্রমিক বাকি আছে, সেটার জন্য আমি সময় চেয়েছি। এটা আমাদের ভেতরের আলাপ ছিল। কিন্তু এখন তা পাবলিক করে মূলত আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
শোনা যাচ্ছে, এই কাদা-ছোড়াছুড়ি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াতে পারে। এখন দেখার বিষয়, জলঘোলা করে শেষ পর্যন্ত ঢাকা-১২০৫ নাকি চারুলতা—কোনটি আলোর মুখ দেখে।
বিষয় : সিনেমা বিনোদন চলচ্চিত্র নির্মাতা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন