জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র প্রতিটি পর্বই দেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কোনো না কোনো ঐতিহাসিক স্থানে ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরবঙ্গের সীমান্তবর্তী সমৃদ্ধ জেলা জামালপুরে। বকশীগঞ্জ উপজেলার মনোরম গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে নান্দনিক মঞ্চ তৈরি করে ধারণ করা হয়েছে এবারের অনুষ্ঠান।ইত্যাদির এবারের পর্বে রয়েছে দুটি বিশেষ গান। একটি গেয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম, যার কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সুর ও সংগীতে ছিলেন সুমন কল্যাণ। জামালপুরকে নিয়ে তৈরি জেলা পরিচিতিমূলক অন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এস কে জাহিদের কোরিওগ্রাফিতে স্থানীয় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের নৃত্যশিল্পীদের মেলবন্ধনে পুরো পরিবেশনাটি মনমুগ্ধকর রূপ নেয়।দর্শক পর্বে জামালপুরের ইতিহাস ও ঐতিহ্য কেন্দ্রিক প্রশ্নের মাধ্যমে বাছাই করা চারজন বিজয়ী পরিবেশন করেন জেলার চার কালজয়ী সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মরণীয় চারটি গান।শিক্ষণীয় ও মানবিক বিষয়ের অংশ হিসেবে এবারের পর্বে রয়েছে জামালপুরের ঐতিহ্যবাহী ‘নকশিকাঁথা’ এবং সুস্বাদু খাবার ‘মিল্লি’ বা ‘পিঠালি’র ওপর বিশেষ তথ্যচিত্র। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ঘুরে দাঁড়ানো ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অদম্য জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে একটি মানবিক প্রতিবেদনে। আন্তর্জাতিক বিভাগে দেখা যাবে চীনের চোখজুড়ানো ‘সুঝৌ সিটি’র বিশেষ দৃশ্যধারণ।বরাবরের মতোই সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে থাকছে তীক্ষ্ণ নাট্যাংশ ও নিয়মিত পরিবেশনা 'কাশেম টিভি'। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, আবু হেনা রনি সহ আরও অনেকে।[TECHTARANGA-POST:1291]হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ফাগুন অডিও ভিশন নির্মিত ইত্যাদির এই নতুন পর্বটি আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।