মুকসুদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। এ উপলক্ষে মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসীমউদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভার শুরুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও সুন্নাহর ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুখদেব পোদ্দার ও সহকারী শিক্ষক আলামিন হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।তিনি তাঁর বক্তব্যে বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম দিশারি। বাল্যকাল থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণে জীবন গড়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব। এ সময় আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন,সামচুল আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।আলোচনা পর্ব ও প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদের সঙ্গে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইমরান হোসেন এই দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিপুলসংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।