মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২২ 

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আনন্দ-উৎসবে মুখরিত বিয়ের অনুষ্ঠানটি মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক বিষাদময় ট্র্যাজেডিতে। আগুনে পুড়ে ও হুড়োহুড়িতে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর ঘনবসতিপূর্ণ লিংওয়ালা এলাকার একটি বিয়েবাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ করেই বিয়েবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো প্রাঙ্গণে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা অতিথিদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং গলিপথগুলো অত্যন্ত সংকীর্ণ হওয়ায় অনেকেই বের হওয়ার পথ না পেয়ে ভেতরে আটকা পড়েন। বহু মানুষ প্রাণ বাঁচাতে একে অপরকে টেনে বের করার আপ্রাণ চেষ্টা চালান। ততক্ষণে ধোঁয়া ও আগুনে শ্বাসরুদ্ধ হয়ে অনেকে রাস্তায় ঢলে পড়েন।খবর পেয়ে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ঘিঞ্জি পরিবেশের কারণে শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে আগুনের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি।মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী জাকামিন শাবানি। পরিদর্শন শেষে তিনি ঘটনাটিকে একটি 'জাতীয় ট্র্যাজেডি' হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেন।[TECHTARANGA-POST:1212]উল্লেখ্য, কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে অপরিকল্পিত নগর উন্নয়ন ও অনিয়ন্ত্রিত বাড়িঘর নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে হরহামেশাই এমন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই প্রাণঘাতী রূপ নেয়।

কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২২