কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী পোশাকে ও ঢাকঢোলের সুরে আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন
বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক নার্সিং দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল—আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।আজ সকাল থেকেই দিবসটিকে ঘিরে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।বর্ণিল আয়োজন : শোভাযাত্রায় অংশ নেওয়া নার্স ও শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ব্যানার, প্ল্যাকার্ড হাতে অংশ নেন।সাংস্কৃতিক আমেজ : ঢাকঢোলের বাদ্য আর বাঁশির সুরে পুরো এলাকায় এক উৎসবমুখর আমেজ তৈরি হয়।শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে এটি শেষ হয়। এই বর্ণিল র্যালিতে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগের কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।[TECHTARANGA-POST:603]বর্ণাঢ্য এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।নার্সদের গৌরবময় ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে দক্ষ নার্সরা আজ দেশের বিভিন্ন প্রান্তে সুনামের সাথে মানবসেবা দিয়ে আসছেন। আজকের এই আন্তর্জাতিক নার্সিং দিবসে আমাদের প্রধান অঙ্গীকার হোক—সব ভেদাভেদ ভুলে শতভাগ মানবসেবার মনোভাব নিয়ে আমরা আর্তমানবতার কল্যাণে কাজ করে যাব।