লাইফ সাপোর্টে কারিনা কায়সার: মেয়েকে বাঁচাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কায়সার হামিদ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে (Life Support) আছেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার (Karina Kaiser)। গত শুক্রবার (৮ মে) রাতে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ রোববার (১০ মে) পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত এবং অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।বর্তমানে কারিনাকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদ। উন্নত চিকিৎসার জন্য মেয়েকে জরুরি ভিত্তিতে ভারতের চেন্নাইয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। আজ সকালে দ্রুত ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান কায়সার হামিদ।মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আবেগাপ্লুত কায়সার হামিদ বলেন, আমার মেয়ের ভিসাটা যেন দ্রুত হয়, সে জন্যই আজ মন্ত্রণালয়ে এসেছি। মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানাব। আমাদের হাতে আসলেই একদম সময় নেই। চিকিৎসকেরা দ্রুত ওকে বিদেশে নিয়ে যেতে বলেছেন।[TECHTARANGA-POST:564]তিনি আরও বলেন, কারিনার আগে থেকেই কিছুটা ফ্যাটি লিভারের সমস্যা ছিল, কিন্তু ও বিষয়টিকে অবহেলা করেছে, ঠিকমতো ওষুধ খায়নি। এর মধ্যে হঠাৎ শরীরে ইনফেকশন হয়ে যায় এবং পরীক্ষা করে হেপাটাইটিস এ ও ই ধরা পড়ে। এক পর্যায়ে লিভার ফেইলিউর (Liver Failure) হলে চিকিৎসকেরা ওকে লাইফ সাপোর্টে নেন। দেশবাসীর কাছে আমি আমার মেয়ের জীবন ভিক্ষা ও দোয়া চাইছি।কারিনার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কামরুন নাহার ডানা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রায় এক সপ্তাহ ধরে তীব্র জ্বরে ভুগছিলেন কারিনা। বারবার ডাক্তার দেখানোর কথা বললেও তিনি বিষয়টিকে পাত্তা দেননি। এক পর্যায়ে বাসায় হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, কারিনার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপনের পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত সুবিধা না থাকায় কারিনাকে অতি দ্রুত দেশের বাইরে নেওয়া অত্যন্ত প্রয়োজন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন লাইফ সাপোর্টের মাধ্যমে রক্তচাপ ও অন্যান্য শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির বহুল আলোচিত সিরিজ ইন্টার্নশিপ এবং সিনেমা ৩৬-২৪-৩৬-এ অনবদ্য অভিনয় ও চিত্রনাট্য লেখার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কারিনা কায়সার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার দারুণ জনপ্রিয়তা রয়েছে। তার এই আকস্মিক ও আশঙ্কাজনক অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া।