সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ১৫ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গিয়েছে এ পর্যন্ত। ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে রডের ওপর বসে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই নোয়াখালীর বেগমগঞ্জসহ বিভিন্ন এলাকায় কাজ শেষে ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। নিহতদের মধ্যে আছেন-- নওগাঁর মান্দা উপজেলার সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), রাজশাহীর ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের নজরুল (৬০), মামুন (৪৫), নওগাঁর সাইদুলের ছেলে সারিকুল (২৫), মো. বারি (২১), বাদশা (৩২), গিয়াস (২০), মাইনুল (২৮), ইয়াকুব ও তারেক (২০)।
আহতদের মধ্যে রয়েছেন বাবু (৩৫), আব্দুর রহমান (৩৫), নয়ন বিশ্বাস (৩২), তুহিন, আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), খোরশেদ (২৬) ও সমেজ।
ট্রাকের যাত্রী ও স্থানীয়দের বরাতে জানা যায়, চট্টগ্রামের অলংকার এলাকা ও ফেনী থেকে তাঁরা রডবোঝাই ট্রাকে উঠে কম ভাড়ায় নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। ভোরে ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
যমুনা সেতু পূর্ব থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনাক্তের জন্য স্বজনদের সঙ্গে যোগাযোগ চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও চারজন এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।