কুষ্টিয়ায় মুষলধারে বৃষ্টির সময় পৃথক দুটি স্থানে আকস্মিক বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রাম এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব পৃথক হতাহতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (৪৫) এবং দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরজ আলী (২৮)।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে পুরো কুষ্টিয়া জেলাজুড়ে হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সময় বিকট শব্দে একাধিক স্থানে বাজ পড়তে থাকে। এ সময় নিজের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হন কৃষক রওশন আলী এবং পথ হেঁটে বাড়ি ফেরার পথে বাজের আঘাতে প্রাণ হারান আরজ আলী। একই সময় মাঠে কাজ করতে থাকা অপর তিন কৃষক গুরুতর আহত হলে তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারানো একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া এই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।[TECHTARANGA-POST:1271]ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। স্বজন ও পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।