মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

ভোটের কালি মোছার আগেই ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে বিএনপি: সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছে। তিনি উল্লেখ করেন, ভোটের কালি এখনো মুছে যায়নি, এরই মধ্যে বিএনপি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে।শুক্রবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি মাঠে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সেলিমুজ্জামান সেলিম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারী স্বাস্থ্য, যুবকদের কর্মসংস্থান এবং কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে ১৪টি উপজেলায় ৪০ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ পুরোদমে শুরু করেছেন বলেও তিনি জানান।[TECHTARANGA-POST:301]সরকারের সাফল্য তুলে ধরে তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মানি ভাতা প্রদান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৪ হাজার ৮০৯টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৮ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে ৫০টি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।সেলিমুজ্জামান সেলিম তাঁর বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে বলেন, অতীত অভিজ্ঞতা বলে কোনো সরকার প্রধানই এত অল্প সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি। সেই দিক থেকে বর্তমান সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।হোগলাকান্দি গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম এবং অনুষ্ঠানের উদ্যোক্তা গিয়াস উদ্দিন গালিবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

ভোটের কালি মোছার আগেই ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে বিএনপি: সেলিমুজ্জামান সেলিম