সিলেটে ছিনতাই দমনে জিরো টলারেন্স: তালিকাভুক্ত ২৬৩ জনের মধ্যে ৪৪ জন গ্রেপ্তার
সিলেট মহানগরীতে ছিনতাই ও অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ইতিমধ্যে ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে বিশেষ তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, চিহ্নিত ২৬৩ জনের মধ্যে ইতিমধ্যে ৪৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তালিকার বাকি সদস্যদের গ্রেপ্তারে পর্যায়ক্রমে অভিযান অব্যাহত রয়েছে। কমিশনার বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশেষ টিম গঠন করে এই অভিযান চালানো হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।[TECHTARANGA-POST:315]অপরাধ পুরোপুরি নির্মূল করা কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশনার বলেন, অপরাধ শতভাগ নির্মূল করা বাস্তবসম্মত নয়, তবে আমাদের লক্ষ্য হলো একে নিয়ন্ত্রণে এনে সহনীয় পর্যায়ে রাখা। নিয়মিত অভিযানের মাধ্যমে আমরা ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরদার কার্যক্রম চালাচ্ছি।সিলেটের পর্যটন গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সিলেট একটি পর্যটননির্ভর অঞ্চল। এখানে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তিনি নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।