মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: মাজার জিয়ারতে নেতাকর্মীদের ঢল

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে।​আজ শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সুরা ফাতিহা পাঠ এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।​এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।​এছাড়া আরও উপস্থিত ছিলেন দলের অন্যতম শীর্ষ নেতা আবদুস সালাম, শফিকুল ইসলাম খান, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, এস এম জাহাঙ্গীর হোসেন, মাসুদ আহম্মেদ তালুকদার, মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, আরিফা সুলতানা রুমা, মেহেদুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী, আতিকুর রহমান রুমন ও জাহিদুল ইসলাম রনিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।​সরেজমিনে দেখা যায়, শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টা থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত মূল সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। তাদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা। এ সময় নেতাকর্মীরা দলীয় নেতার স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।[TECHTARANGA-POST:748]​ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকেন। বড় ধরনের এই জমায়েতকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উদ্যান ও চারপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: মাজার জিয়ারতে নেতাকর্মীদের ঢল