বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট বিবেচনা করে এবং জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের কার্যক্রম তদারকি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রতিটি স্টেশনের জন্য পৃথক একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।গত রবিবার (২৯ মার্চ, ২০২৬) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,গোপালগঞ্জ ফারিয়া তানজিন স্বাক্ষরিত এক জরুরি আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে এর সঠিক বণ্টন নিশ্চিত করাই এই আদেশের মূল লক্ষ্য। নিয়োগকৃত ট্যাগ অফিসারগণ তাদের বরাদ্দকৃত ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করবেন।[TECHTARANGA-POST:263]এই কার্যক্রমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিন জানান:জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয়ের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত আকস্মিক পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) পরিচালনা করা হবে।প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় যে, কোনো ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট তৈরি বা জ্বালানি বিতরণে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।আজ থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্যাগ অফিসারগণ তাদের দায়িত্ব পালন করে যাবেন।