গাংনীতে ডিজেল সংকট: পাম্পে ট্রাক্টরের দীর্ঘ লাইন, ব্যাহত হচ্ছে চাষাবাদ
মেহেরপুরের গাংনীতে তীব্র ডিজেল সংকটে বিপাকে পড়েছেন কৃষক ও ট্রাক্টরচালকেরা। মোটরসাইকেলের পাশাপাশি পাম্পগুলোতে এখন ট্রাক্টরের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় সময়মতো জমি চাষ ও সেচ কার্যক্রম পরিচালনা করতে পারছেন না তারা, যা আগামী মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।বুধবার (০৮ এপ্রিল) গাংনীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, ভোর থেকেই ট্রাক্টরচালকেরা তেলের অপেক্ষায় পাম্পে অবস্থান করছেন। চালকদের অভিযোগ, যেখানে একটি ট্রাক্টরের জন্য ৭০ থেকে ৮০ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে পাম্প থেকে দেওয়া হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ লিটার।তেল নিতে আসা ট্রাক্টরচালক কাবীরুল ইসলাম জানান, ফজরের পরপরই পাম্পে এসেছি। এখন দুপুর হয়ে যাচ্ছে কিন্তু তেল পাইনি। চাহিদার অর্ধেক তেল দিয়ে সারা দিন কাজ করা সম্ভব নয়। এভাবে চললে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন।কৃষক মো. রকিবুল ইসলাম বলেন, আমার শ্যালো মেশিন রয়েছে। পাম্পে ঠিকমতো তেল পাচ্ছি না বলে জমিতে সেচ দিতে পারছি না। আমরা চাষি মানুষ যদি আবাদ না করতে পারি, তবে দেশে খাদ্যসংকট দেখা দেবে। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।[TECHTARANGA-POST:347]এই পরিস্থিতি মোকাবিলায় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান জানান, জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে কৃষিযন্ত্রের জন্য বিশেষ ডিজেল কার্ড চালু করা হয়েছে। পাওয়ার টিলার, ট্রাক্টর ও সেচপাম্পের মালিকদের মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে এই কার্ড দেওয়া হচ্ছে। পাম্পমালিক ও ট্যাগ অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে তেল পায়।উল্লেখ্য, গাংনী উপজেলায় এ বছর ৭ হাজার ৮০ হেক্টর জমির গম কাটা শেষ হয়েছে। এখন নতুন ফসল আবাদের জন্য জমি প্রস্তুত করার মোক্ষম সময় হলেও জ্বালানি সংকটে থমকে আছে মাঠের কাজ।