মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

ডিএনসিসির উদ্যোগে ঢাকা-১১ আসনে জোরদার মশক নিধন কার্যক্রম

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিএনসিসির তত্ত্বাবধানে প্রতিদিন সকাল ও বিকালে নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন ও লার্ভা ধ্বংস কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে জলাবদ্ধতা, নর্দমা, পরিত্যক্ত জায়গা ও নির্মাণাধীন ভবনের আশপাশে জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মাঠপর্যায়ে কর্মীরা বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংকসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করার জন্য বাসিন্দাদের সচেতন করছেন। ডিএনসিসির পক্ষ থেকে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং কোথাও পানি জমে থাকতে না দেন। কারণ, মশার বংশবিস্তার রোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালিত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে তারা এই কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিত রাখার দাবি জানিয়েছেন। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।

ডিএনসিসির উদ্যোগে ঢাকা-১১ আসনে জোরদার মশক নিধন কার্যক্রম