ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।আজ শনিবার (৩০ মে) সকালে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস সকালে ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও চিৎকার শুরু হয়।এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমাদের উদ্ধারকারী দল ধলাটেঙ্গর এলাকায় পৌঁছায়। আমরা ঘটনাস্থল থেকে বাসে আটকে পড়া ও ছিটকে পড়া ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করি। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।[TECHTARANGA-POST:762]হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ কাজ করছে।