সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, নদীর দুই তীরে মানুষের ঢল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে বর্ণিল ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বাইচকে কেন্দ্র করে তিতাস নদীর দুই তীর ও জলরাশিতে উৎসুক হাজারো নারী-পুরুষের উপচে পড়া ঢল নামে।শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বুড্ডা এলাকার তিতাস নদীতে এই মনোজ্ঞ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের সামাজিক সংগঠন 'মাদকবিরোধী তরুণ শক্তি' এ ঐতিহ্যবাহী বাইচের আয়োজন করে।প্রতিযোগিতা দেখতে ক্ষমতাপুরের পশ্চিম প্রান্ত থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে নেমেছিল হাজারো মানুষের ঢল। নদীর পাড় ছাড়িয়ে সাধারণ দর্শনার্থীরা শত শত ট্রলার ও নৌকা ভাড়া করে তিতাসের জলে নেমে বাইচ উপভোগ করেন। প্রতিবারের মতো এবারও নারীদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।আয়োজক কমিটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, এ বছর প্রতিযোগিতায় শেখ বয়েজ ক্লাব, শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া এবং এক্তাপুরের শাহআলম মিয়ার আকর্ষণীয় দ্রুতগামী নৌকাগুলো অংশ নেয়।কঠিন লড়াই শেষে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব। এতে বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান লাভ করে। প্রথম স্থান অর্জনকারী দলকে পুরস্কার হিসেবে ৭৫ হাজার টাকা মূল্যমানের একটি ষাঁড় গরু দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারীকে ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারীকে রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়। এ ছাড়া অংশ নেওয়া প্রতিটি নৌকার মালিককেই সান্ত্বনা পুরস্কারে ভূষিত করা হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।[TECHTARANGA-POST:1154]অন্যান্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি সদস্যগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।