সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা কাল: বিএনপির মনোনয়ন আলোচনায় এগিয়ে সাবরিনা শুভ্রা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের তফসিল আগামীকাল বুধবার (৮ এপ্রিল) ঘোষণা করা হবে এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফশিল ঘোষণার আগেই প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতির কাজ শুরু করেছে।ইসি সূত্রে প্রাপ্ত তথ্যমতে, এবারের সংসদে বিএনপি জোট ৩৬টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ পাবে। ইতিমধ্যে বিএনপির অভ্যন্তরে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় বেশ এগিয়ে আছেন বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা শুভ্রা। তিনি গোপালগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এছাড়াও রাজনৈতিক মহলে তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং মেধার কারণে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।মনোনয়ন প্রত্যাশা নিয়ে সাবরিনা শুভ্রা বলেন, মনোনয়ন প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক অবদান ও ত্যাগকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে আন্দোলন, সংগ্রাম এবং সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।তিনি আরও যোগ করেন, সংসদীয় কার্যক্রমে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক সচেতনতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সমাজের পিছিয়ে পড়া বা প্রান্তিক নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, প্রার্থীর সততা, সামাজিক কাজের অভিজ্ঞতা এবং দলীয় গ্রহণযোগ্যতা থাকা জরুরি—যাতে তাঁরা সংসদে সত্যিকার অর্থে জনগণ ও নারীদের স্বার্থ তুলে ধরতে পারেন।[TECHTARANGA-POST:331]বিএনপি দলীয় সূত্র জানায়, আগ্রহী প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা ও আন্দোলন-সংগ্রামে তাঁদের ভূমিকার ওপর ভিত্তি করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। সাবরিনা শুভ্রার মতো মেধাবী ও শিক্ষিত প্রার্থীদের অন্তর্ভুক্তি সংসদে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে তৃণমূলের অনেক নেতাকর্মী আশাবাদ ব্যক্ত করেছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে এবার প্রার্থী বাছাইয়ে আঞ্চলিক ভারসাম্য রক্ষা, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের অন্তর্ভুক্তি এবং তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পেতে পারে। এতে সংসদে নারীদের কার্যকর অংশগ্রহণ বাড়বে এবং নীতিনির্ধারণী পর্যায়ে বৈচিত্র্য ও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।সব মিলিয়ে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এখন তুঙ্গে। মনোনয়ন প্রক্রিয়া ও প্রার্থী নির্বাচনের ধরণই নির্ধারণ করবে, আগামী সংসদে সংরক্ষিত নারী আসনে কী ধরনের নেতৃত্ব উঠে আসবে।