প্রাচীন জনপদ নরসিংদীতে এবারের ইত্যাদি, প্রচার হবে আগামী ৫ জুন
গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-র এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ নরসিংদী জেলাকে। জেলার রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের পর্বটি, যার সামনে তৈরি হয়েছিল এক নান্দনিক মঞ্চ।ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত, হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এই বিশেষ পর্বটি আগামী ৫ জুন (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।এবারের অনুষ্ঠানে রয়েছে দুটি চমৎকার গান। যার একটি গেয়েছেন নরসিংদীরই কৃতী সন্তান, জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ কথায় এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।অন্য দিকে, অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে থাকছে একটি জমকালো পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় এই গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের এই পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ এবং কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।এবারের পর্বে রয়েছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর এবং নরসিংদী জেলার ইতিহাস-ঐতিহ্যের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও থাকছে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাটকে নিয়ে বিশেষ আয়োজন। নরসিংদীর বিখ্যাত জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন এবং কলম্বো লেবু নিয়েও থাকছে আকর্ষণীয় প্রতিবেদন। পাশাপাশি জেলার বেশ কয়েকজন কীর্তিমান ও স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের ওপর তথ্যসমৃদ্ধ আলোকপাত করা হয়েছে।[TECHTARANGA-POST:795]খুলনা জেলার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ চিত্তরঞ্জন মহালদারকে নিয়ে থাকছে একটি বিশেষ মানবিক প্রতিবেদন, যিনি অদম্য ইচ্ছাশক্তি দিয়ে জয় করেছেন নিজের দৃষ্টিহীনতাকে। যথারীতি থাকছে বিদেশি প্রতিবেদনও; এবার দর্শকদের নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে। দেখানো হবে ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত দ্য পেঙ্গুইন প্যারেড।নিয়মিত আয়োজন হিসেবে থাকছে দর্শকদের নিয়ে কুইজ পর্ব। কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্য নিয়ে তৈরি একটি মজার নাট্যাংশে অংশ নেন। এছাড়াও থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা, চিঠিপত্র পর্ব এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ (নটি)।এবারের ইত্যাদিতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, আবদুল আজিজ, বড়দা মিঠু, সুভাশিষ ভৌমিক, আনোয়ার শাহী, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, জামিল হোসেন, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে।[TECHTARANGA-POST:782]বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। অনুষ্ঠানটি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।