মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

সুনামগঞ্জে খেয়া নৌকা ডুবে প্রাণ গেল শিশুর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদে খেয়া নৌকা ডুবির ঘটনায় সুফিয়া বেগম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঈদের দিনে এই ঘটনায় শিশুটির পরিবারে আনন্দের পরিবর্তে নেমে এসেছে গভীর শোক।নিহত সুফিয়া বেগম উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের বাসিন্দা সতু মিয়ার মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর পূর্বপাড়ে লাউড়েরগড় এবং পশ্চিমপাড়ে মানিগাঁও গ্রাম অবস্থিত। মানিগাঁও গ্রামে সুফিয়ার নানাবাড়ি। ঈদের বিকেলে দুই ছোট ভাইকে সঙ্গে নিয়ে নানাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে লাউড়েরগড়-শিমুলবাগান এলাকায় খেয়া নৌকায় নদ পার হচ্ছিল তারা।এসময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ভারসাম্য হারিয়ে একদিকে হেলে পড়ে এবং একপর্যায়ে ডুবে যায়। দুর্ঘটনার পর অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সুফিয়া নিখোঁজ হয়ে যায়।পরে স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী লাউড়েরগড় গ্রামের বাসিন্দা আবদুল হান্নান জানান, ঈদের কারণে নৌকায় স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী ছিল। এ কারণেই নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় অনেককে উদ্ধার করা সম্ভব হলেও সুফিয়াকে বাঁচানো যায়নি। তবে তার দুই ছোট ভাই প্রাণে রক্ষা পেয়েছে।এ বিষয়ে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সুনামগঞ্জে খেয়া নৌকা ডুবে প্রাণ গেল শিশুর