গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রান গেল ৪ জনের, আশঙ্কাজনক ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন— মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর’ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকার দিকে আসা প্রাইভেটকারটির বিকট শব্দে সংঘর্ষ হয়। প্রাইভেটকারের আরোহীরা মহাসড়কের পার্শ্ববর্তী মায়ামি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে জামালদি বাসস্ট্যান্ডে পৌঁছালে এই হতাহতের ঘটনা ঘটে। চালকসহ প্রাইভেটকারটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসার পরপরই দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।তিনি আরও জানান, বাসের চাকার নিচে ও সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারের চালক সোহেল ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন। বাকি চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।[TECHTARANGA-POST:1286]দুর্ঘটনায় বেঁচে যাওয়া অপর আহত যাত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করেছে।