ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের সিনেমা-শেকড়
গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রশংসিত হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় ছিলেন প্রসূন রহমানের নতুন চলচ্চিত্র শেকড়-এর। কথা ছিল চলতি কোরবানির ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সেই লক্ষ্যে ট্রেলার ও দুটি গান প্রকাশ করে জোরেশোরে প্রচারণাও শুরু করেছিলেন নির্মাতা। তবে শেষ মুহূর্তে এসে ঈদের উৎসবের আমেজ থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রসূন রহমান। ঈদ কিংবা আসন্ন ফুটবল বিশ্বকাপ নয়, সিনেমাটি মুক্তি পাবে এই ফুটবল উন্মাদনা শেষ হওয়ার ঠিক পরপরই। হঠাৎ মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ হিসেবে নির্মাতা প্রসূন রহমান জানান, সুস্থ প্রতিযোগিতা নিয়ে তাঁর কোনো আপত্তি নেই, তবে ঈদের বাজারে একসঙ্গে অনেক সিনেমার অতিরিক্ত ভিড় তাঁর মধ্যে এক ধরণের অস্বস্তি তৈরি করেছে।এক বিবৃতিতে তিনি বলেন—আমাদের ইচ্ছা ছিল এই ঈদে শেকড় মুক্তি দেওয়ার। কিন্তু অতিরিক্ত ভিড়ে আমার কিছুটা অস্বস্তি হয়। তাছাড়া আমার মনে হয়েছে, শেকড়-এর মতো পারিবারিক আবেগনির্ভর চলচ্চিত্রের জন্য একটু নিরিবিলি ও শান্ত পরিবেশই বেশি উপযুক্ত। আমরা চাই না দর্শক তাড়াহুড়ো বা কোলাহলের মধ্যে সিনেমাটি দেখুক; বরং একটু স্থির হয়ে দেখুক।নির্মাতা আরও যোগ করেন, ঈদের আমেজ শেষ হতে না হতেই শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা। আর এই সময়টিকে সিনেমা মুক্তির জন্য একেবারেই উপযুক্ত মনে করছেন না তিনি। তাই বিশ্বকাপ ফুটবলের এই দারুণ মৌসুমটি শেষ হওয়ার ঠিক পরপরই প্রেক্ষাগৃহে আসবে শেকড়।সিনেমাটির মূল উপজীব্য মানুষ ও মাটির চিরন্তন টান। এতে তুলে ধরা হয়েছে অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, চেনা পরিমণ্ডল ও জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা এবং শত প্রতিকূলতার মাঝেও নিজের শেকড়ের সন্ধানে ফেরার এক প্রাণান্তকর গল্প।[TECHTARANGA-POST:831]এই সিনেমার হাত ধরেই প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ এফ এস নাঈম ও আইশা খান। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ আরও অনেকে।